ক্যাম্পাস

শেকৃবিতে বাঁধন ঢাকা উত্তর জোনের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ঢাকা উত্তর জোনের উদ্যোগে সাংগঠনিক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”-এই স্লোগানকে ধারণ করে আয়োজিত কর্মশালায় ঢাকা উত্তর জোনের আওতাধীন বিভিন্ন ইউনিটের কার্যকরী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

অংশগ্রহণকারী ইউনিটগুলোর মধ্যে ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমীর কলেজ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং সরকারি বাংলা কলেজ ইউনিট।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল নতুন ও বর্তমান কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বগুণ উন্নয়ন এবং কার্যক্রমকে আরও গতিশীল করা। দিনব্যাপী প্রশিক্ষণে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, কাঠামো, দায়িত্ব বণ্টন এবং ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন বিষয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টারা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাঁধনের কার্যক্রমে যুক্ত থাকতে হলে মানবিক বোধ, দায়বদ্ধতা এবং আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও উল্লেখ করেন, ডোনার ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার না করলে নিয়মিত রক্তদাতাদের ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যা সংগঠনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

কেন্দ্রীয় পরিষদ ও বিভিন্ন জোনের দায়িত্বশীলদের অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, রক্তদান কার্যক্রম সম্প্রসারণ এবং সেবাকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আরও দক্ষ ও প্রস্তুত হয়ে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং স্বেচ্ছায় রক্তদানের এ মানবিক উদ্যোগকে আরও বেগবান করবেন।

উল্লেখ্য, বাঁধন ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের ৬১টি জেলায় ৯৪টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে। এর লক্ষ্য স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা, নিজে রক্তদান করা এবং একটি বৃহৎ মানবিক সামাজিক আন্দোলন গড়ে তোলা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন