আন্তর্জাতিক

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য জানালো হামলাকারী

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার ঘটনায় সন্দেহভাজন কোল টমাস অ্যালেনকে ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনী আটক করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কেও তিনি কিছু তথ্য দিয়েছেন।

কীভাবে তিনি ট্রাম্প সংশ্লিষ্ট এই আয়োজনে প্রবেশ করলেন, সে বিষয়েও নতুন তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার রাত ১২টা ৩৫ মিনিটে তিনি একটি হোটেলের লবিতে প্রবেশ করেন। এ সময় তিনি নিরাপত্তা বেষ্টনী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানা যায়।

এরপরই সেখানে গুলির ঘটনা ঘটে। এক নিরাপত্তারক্ষীকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি করা হয়, তবে তার পরিহিত বুলেটপ্রুফ ভেস্টের কারণে তিনি প্রাণে বেঁচে যান। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে মোট পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।

জিজ্ঞাসাবাদে অ্যালেন জানিয়েছেন, তার লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর হামলা চালানো। এই তথ্য সিবিএস নিউজকে দুইটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

 

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরো জানিয়েছেন, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে—সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন