রাজধানীতে স্বস্তির বৃষ্টি
টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির নেমেছে রাজধানীতে। রোববার (২৬ এপ্রিল) বিকেলের পর হঠাৎই আকাশে মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টি। কিছু কিছু এলাকায় দেখা যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা নগরবাসীকে এনে দিয়েছে স্বস্তি।
এর আগে গেল কয়েকদিন ধরে রাজধানীতে তীব্রগরম অনুভব করছে নগরবাসী। তাপমাত্রা ছাড়িয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ছোঁয়ায় আজ অনেকটা স্বস্তি ফিরে পেয়েছে নগরবাসী।
এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এমএ//