চার বিভাগে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শঙ্কা
আকাশে মেঘের আনাগোনা, কোথাও দমকা হাওয়া, আবার কোথাও হতে পারে বৃষ্টি কিংবা বজ্রপাত। আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে এমন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটিও দুর্বল হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের অবস্থানও পরিবর্তন হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে আজ লঘুচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় লঘুচাপটি উত্তর মিয়ানমার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছিল।
এসি//