আবহাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

শীতের আগমনী আবহের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

মঙ্গলবার (১০ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তরের রাতের তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ দুই দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন