যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬
ইসরাইল ও লেবানন এর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৭ জন।
রোববার (২৬ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী কান্তারা, কুসাইর, ওয়াদি হাসান, ইয়োহমর আল-শাকিফ ও হৌলা এলাকায় গোলাবর্ষণ চালায়। ইয়োহমর আল-শাকিফ শহরে একটি মোটরসাইকেল ও ট্রাককে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে সেখানে ৪ জন নিহত হন।
এছাড়া বিনতে জবেইল জেলার সাফাদ আল-বাত্তিখ এলাকায় বিমান হামলায় আরও ২ জন নিহত এবং ১৭ জন আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
অন্যদিকে খিয়াম শহরে বিস্ফোরক ব্যবহার করে বাড়িঘর ধ্বংস অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। রাজধানী বৈরুতেও সকাল থেকে নিচু উচ্চতায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা গেছে।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।
পরবর্তীতে ইরানকে সমর্থন জানিয়ে ইসরাইলে হামলা করে হিজবুল্লাহ। জবাবে ২ মার্চ থেকে লেবাননে ধ্বংসাত্মক আগ্রাসী হামলা শুরু করে ইসরাইল। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এমএ//