সমুদ্রতীরে নারীদের জন্য আলাদা বিচ নির্মাণের পদক্ষেপ
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে নারীদের জন্য সমুদ্রতীরে আলাদা বিচের ব্যবস্থা করেছে সরকার। নারীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখে দুবাই ও শারজাহ কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।
শারজাহর দিব্বাহ আল হিসনে নারীদের জন্য পৃথকভাবে একটি বিচ পার্ক তৈরি করা হয়েছে, যার আয়তন প্রায় সাড়ে ছয় হাজার বর্গমিটার। গালফ নিউজসহ দেশটির একাধিক গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে দুবাইয়ের আল মামযার কর্নিশ এলাকায় নারীদের জন্য নতুন একটি বিচ নির্মাণ করছে দুবাই পৌর কর্তৃপক্ষ। সেখানে রাতের বেলা সুইমিংসহ আধুনিক সুযোগ-সুবিধা রাখা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটির প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মারওয়ান আহমেদ বিন ঘালিতা সম্প্রতি বিচটির নির্মাণকাজ পরিদর্শন করেন।
তিনি জানান, নারীদের শতভাগ প্রাইভেসি এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের এ বিচে অনন্য স্থাপত্যশৈলী স্থান পেয়েছে।
এদিকে শারজাহর দিব্বাহ আল হিসনে নির্মিত বিচটি চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুতে খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরব আমিরাতে পূর্বাঞ্চলীয় এ এলাকায় প্রথমবারের মতো নারীদের জন্য সমুদ্র উপকূলে উন্নত সুযোগ-সুবিধা সংবলিত সাঁতার ও বিনোদনের এমন ব্যবস্থা করা হয়েছে। দিব্বাহ আল হিসন ছাড়াও কালবা এবং খোরফাক্কানেও নারীদের জন্য একই ধরনের আরও দুটি বিচ উন্নয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে শারজাহ কর্তৃপক্ষ।
এসি//