নিউমার্কেট এলাকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১
রাজধানীর নিউমার্কেট এলাকায় শাহনেওয়াজ হল বটতলায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেজবাহ জানান, শহীদ শাহ নেওয়াজ হলের ১ নং গেটের সামনে দুই জন মোটর সাইকেলে এসে মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড ও বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
তিনি বলেন, পরে আশপাশে থাকা কয়েকজন ওই ব্যক্তিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
মরদেহটি বর্তমানে ঢামেকের মর্গে রাখা আছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ