কক্সবাজারে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চকরিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। একই দিনে জেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আত্মহত্যা করেছেন আরেকজন।
পুলিশ জানায়, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩–তে আইওএমের একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক শিশু নিহত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ রোহিঙ্গারা গাড়িটি ভাঙচুর করেন;পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
চকরিয়ার হারবাং এলাকায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে মিজানুর রহমান নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হন। সকাল আটটার দিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এছাড়া টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোক্তার হোসেন (৪৮) নামে এক পথচারী নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সদর উপজেলার চৌফলদণ্ডীতে বজ্রপাতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে ঈদগাঁওয়ে নুরুল হক (৮০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
আই/এ