ট্রাক থামিয়ে ৫৯০ বস্তা চাল ডাকাতি, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের ট্রাক থামিয়ে ডাকাতি হওয়া ৫৯০ বস্তা চাল উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার করা চালের বাজার মূল্যে আনুমানিক ১০ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক চাল ব্যবসায়ী ও তার কর্মচারীকে গ্রেপ্তার ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাকৃতরা হলেন, গুদাম মালিক লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজারের একাধিক গুদাম ও ফুলবাড়িয়া এলাকার কেএনবি বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চাল ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, তিনি বগুড়ার শেরপুর থেকে চাল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে যাচ্ছিলেন। পথে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ডাকাতেরা ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-মুখ বেঁধে চালসহ ট্রাক লুট করে নিয়ে যায়।
ওসি সহিদুল ইসলাম বলেন,তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। পরে কালিয়াকৈর বিভিন্ন গুদামে এবং বাজারের স্বপন সাহা, লিটন এন্টারপ্রাইজ ও মোজাম্মেলসহ তিনটি দোকান থেকে ৫৯০ বস্তা চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতকদের গ্রেপ্তারে পুলিশি অভিয়ান অব্যাহত আছে।
আই/এ