বিমানে জন্ম নিল শিশু, জুতার ফিতায় বাঁধা হলো নাড়ি
যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে আকাশপথেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। অবতরণের মাত্র কিছুক্ষণ আগে প্রসববেদনায় আক্রান্ত হন এক যাত্রী, আর সহযাত্রী দুই প্যারামেডিকের দ্রুত ও সাহসী পদক্ষেপে বিমানের ভেতরেই সম্পন্ন হয় সন্তানের জন্ম।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় রাতে।
অ্যাটলান্টা থেকে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি অবতরণের প্রায় ২০ মিনিট আগে হঠাৎ প্রসববেদনা শুরু হয় যাত্রী অ্যাশলি ব্লেয়ারের। তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা এবং সন্তান প্রসবের উদ্দেশ্যে ওরেগন যাচ্ছিলেন।

পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে আসেন ফ্লাইটে থাকা দুই প্যারামেডিক টিনা ফ্রিটজ ও কারিন পাওয়েল। বিমানের ভেতরে কোনো পূর্ণাঙ্গ চিকিৎসা সরঞ্জাম না থাকায় তারা যাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করেন এবং জরুরি মুহূর্তে জুতার ফিতা ব্যবহার করে নবজাতকের নাড়ি বাঁধেন।
ফ্লাইটটিতে মোট ১৫৩ জন যাত্রী ছিলেন। শিশুটির জন্মের পর সংখ্যা দাঁড়ায় ১৫৪ জনে। নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই জন্ম নেয়া এই নবজাতকের ওজন ছিল প্রায় ৫.৫ পাউন্ড। তার নাম রাখা হয়েছে ব্রিয়েল রেনি ব্লেয়ার।
জানা গেছে, পোর্টল্যান্ডে পৌঁছানোর মাত্র ৩০ মিনিট আগে অ্যাশলির প্রসববেদনা শুরু হয়। এরপর পুরো কেবিনজুড়ে তৈরি হয় জরুরি পরিস্থিতি। ক্রু সদস্যরা দ্রুত আশপাশের যাত্রীদের সরিয়ে জায়গা খালি করেন এবং সহযাত্রীরাও সক্রিয়ভাবে সহায়তা করেন।

অবতরণের আগ পর্যন্ত বিমানের ভেতরেই চলে প্রাথমিক চিকিৎসা কার্যক্রম। অবতরণের পরপরই পোর্টল্যান্ড এয়ারপোর্ট ফায়ার অ্যান্ড রেসকিউ দল মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়।
ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, ক্রু ও যাত্রীদের সমন্বিত ও দ্রুত পদক্ষেপের কারণেই মা ও শিশু দুজনই নিরাপদ রয়েছেন। তারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে নবজাতক ও তার পরিবারের প্রতি শুভকামনা প্রকাশ করেছে।
অন্যদিকে, ঘটনাটিকে জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে প্যারামেডিক টিনা ফ্রিটজ বলেন, মনে হচ্ছে আমরা এখন আজীবনের বন্ধনে আবদ্ধ হয়ে গেছি।
এসি//