আবারও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় ৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—আহমেদ আলী (৪৮), তাঁর দুই ছেলে আব্দুর রহিম (২০) ও নুরুল আবসার (১৮), আব্দুর রহমান (৪৮), সাব্বির আহমদ (৪০), নুর আহমদ ওরফে গুড়া মিয়া (৬৫) এবং আব্দুল মোতালেব (৩৮)। তাঁরা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ও নয়াপাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনার ঘোলারচর এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। দুপুর প্রায় ২টার দিকে তারা তীরে ফেরার পথে মিয়ানমারের দিক থেকে দুটি স্পিডবোটে আসা সশস্ত্র সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
আহমেদ আলীর স্ত্রী মুন্নী আক্তার বলেন, “পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে আমরা এখন অসহায় হয়ে পড়েছি।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম এবং ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ সমন্বয়ে জেলেদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আই/এ