দেশজুড়ে

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফে যৌথ বাহিনীর অভিযান জোরদার

ছবি: সংগৃহীত ফাইল ছবি

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় টেকনাফে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (০৪ জুলাই) টেকনাফ উপজেলা পরিষদে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় নাফ নদী ও স্থলসীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের টহল এবং নজরদারি আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার, পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা উচ্ছেদ, অবৈধ অস্ত্র উদ্ধার, রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্তকরণ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ানুল হালিম খান, উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় অপরাধ দমনে সংশ্লিষ্ট সব বাহিনীর মধ্যে সমন্বিত অভিযান ও নজরদারি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন