আন্তর্জাতিক

সুরা নিসার ৯৫ নম্বর আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে তুরস্ককে কী বার্তা দিল ইরান?

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় শ্রদ্ধা অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিভিন্ন সূত্রের দাবি, অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিটি দেশের প্রতিনিধি দলের সামনে তাদের দেশের রাজনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় আলাদা আয়াত তেলাওয়াত করা হয়। এর মধ্যে তুরস্কের ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সামনে সুরা নিসার ৯৫ নম্বর আয়াত পাঠ করা হয়। ওই আয়াতে আল্লাহর পথে সংগ্রামকারীদের মর্যাদা এবং ঘরে অবস্থানকারীদের সঙ্গে তাদের পার্থক্যের কথা উল্লেখ রয়েছে।

এই আয়াতে আল্লাহ তা'আলা বলেছেন- "মুমিনদের মধ্যে যারা কোনো সঙ্গত কারণ ছাড়া ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের জান ও মাল দ্বারা জিহাদ করে, তারা সমান হতে পারে না। যারা নিজেদের জান ও মাল দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে ঘরে বসে থাকাদের ওপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ প্রত্যেককেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে আল্লাহ ঘরে বসে থাকাদের তুলনায় মুজাহিদদের মহা পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।"

তুরস্কের প্রতিনিধি দলের সামনে সুরা নিসার এই নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে একটি প্রতীকী কিংবা রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইরানভিত্তিক কয়েকটি গণমাধ্যম ও বিশ্লেষকের মতে, বিদেশি প্রতিনিধি দলগুলোর জন্য পৃথক পৃথক আয়াত নির্বাচন কূটনৈতিকভাবে প্রতীকী বার্তা দেওয়ার একটি উপায় হতে পারে। তবে এই দাবিগুলোর স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

এদিকে ঘটনাটি ইরান–তুরস্ক সম্পর্কসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকেরা বিষয়টিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছেন।

উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজার নামাজ আজ রোববার (০৫ জুলাই) রাজধানী তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার থেকেই সেখানে খামেনির মরদেহ সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান চলমান রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন