আন্তর্জাতিক

আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধকে ভয়ও করি না: ইরানের প্রধান বিচারপতি

ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধকে ভয়ও পায় না বলে জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই। তিনি বলেন, আলোচনার টেবিল থেকে ইরান কখনো সরে যায়নি। দেশের মর্যাদা ও স্বার্থের প্রশ্নে তেহরান কোনো চাপ মেনে নেবে না।  শুক্রবার (০১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির বরাতে আলজাজিরা জানায়, মোহসেনি-এজেই বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধকে ভয়ও করি না। আমাদের মর্যাদার ওপর আঘাত এলে আমরা তা রক্ষায় লড়াই করব, এটাই জাতির দৃঢ় অবস্থান।’

তিনি বলেন, ইরান সবসময় আলোচনাকে স্বাগত জানিয়েছে, তবে সেই কূটনীতি হতে হবে যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেব না। যে পক্ষ আগ্রাসন ও হুমকির মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, তারা আলোচনার টেবিলেও শর্ত চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই।’

মোহসেনি-এজেই বলেন, ওয়াশিংটনের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা হবে এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।

উল্লেখ্য, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামাবাদে কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমঝোতা হয়নি। এরপর পাকিস্তানের অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ একতরফাভাবে বাড়ান, যদিও নতুন সময়সীমা ঘোষণা করা হয়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন