এনজিওর ঋণের টাকা পরিশোধ না করায় গৃহবধূ আটক

সিরাজগঞ্জের তাড়াশে এনজিওর ঋণের ৫০ হাজার টাকার মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করতে না পারায় মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। জান্নাতি পাটগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আজ শুক্রবার (১ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।  তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামক একটি এনজিও  থেকে নেওয়া ৫০ হাজার টাকার ঋণ নেয় জান্নাতি। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হলেও, বাকি ২৫ হাজার টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

ওসি মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনগত বাধ্যবাধকতা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের পর রাতে তাকে পুলিশ হেফাজতে রেখে আজ  সকালে  তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এদিকে জান্নাতির স্বামী দাবি করেন, ঋণের একটি অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং চাকরিকালীন সময়ে জমা রাখা জামানতের অর্থ ঋণের সঙ্গে সমন্বয়ের অনুরোধ করা হলেও তা করা হয়নি। বরং সাদা চেকের ভিত্তিতে তার স্ত্রীর নামে মামলা দায়ের করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন