আন্তর্জাতিক

হঠাৎ সবার ফোনে ‘অত্যন্ত গুরুতর সতর্কবার্তা’, আতঙ্কে জনসাধারণ!

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই মোবাইল ফোনে জোরালো অ্যালার্ট সাউন্ড, স্ক্রিনে সতর্কবার্তার ঝলক—কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতজুড়ে। তবে দ্রুতই জানা যায়, এটি কোনো বিপদ নয় বরং সরকারের দুর্যোগ সতর্কতা ব্যবস্থার একটি পরীক্ষামূলক সম্প্রচার।

ভারতীয় সংবাদ মাধ্যম  হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, ফোনে আসা “এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট” বার্তায় জানানো হয়, এটি ভারত সরকারের নিজস্ব প্রযুক্তিতে পরিচালিত একটি পরীক্ষা এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস জানিয়েছে, দুর্যোগের সময় দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছানোর জন্য এই সেল ব্রডকাস্ট সতর্কতা ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। দেশব্যাপী এটি চালুর আগে প্রযুক্তিগত সক্ষমতা ও নির্ভরযোগ্যতা যাচাই করাই এর মূল উদ্দেশ্য।

সরকার আগেই জানিয়েছিল, পরীক্ষার সময় ইংরেজি, হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় একাধিকবার এমন সতর্কবার্তা মোবাইলে আসতে পারে।

এই ব্যবস্থাটি জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী ‘কমন অ্যালার্টিং প্রটোকল’ ভিত্তিক প্রযুক্তিতে তৈরি। এতে ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

এর আগে গত ফেব্রুয়ারিতেও অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের কাছে একই ধরনের পরীক্ষামূলক সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন