আন্তর্জাতিক

মিত্র দেশ জার্মানির ওপর ক্ষুব্ধ ট্রাম্প, সরিয়ে নিলেন পাঁচ হাজার সেনা

ছবি: সংগৃহীত

জার্মানির সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দেশটি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (০১ মে) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ ঘোষণা দেয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে সম্পর্কের অবনতি এবং কূটনৈতিক দূরত্ব বাড়ার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এই পদক্ষেপ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের প্রতিফলন।

বর্তমানে জার্মানিতে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে, যা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিদেশি সামরিক ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের সময় থেকে জার্মানি যুক্তরাষ্ট্রের জন্য ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সামরিক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের এক মন্তব্য ঘিরে ওয়াশিংটনের অসন্তোষ আরও বাড়ে।

তিনি অভিযোগ করেন, ইরান যুদ্ধ থামাতে চলমান শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে ‘অপমানিত’ করার সুযোগ পাচ্ছে। এই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, এই সেনা প্রত্যাহার এক ধাপে নয়, বরং আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে ধীরে ধীরে সম্পন্ন করা হবে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর অবস্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের অসন্তোষ দীর্ঘদিন ধরেই বাড়ছিল। বিশেষ করে ন্যাটো মিত্রদের পর্যাপ্ত সমর্থন না পাওয়া এবং হরমুজ প্রণালি পরিস্থিতিতে সামরিক সহযোগিতার ঘাটতি নিয়ে অসন্তোষ এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন