দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১০
দক্ষিণ লেবাননে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শোকিন শহরে সর্বশেষ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
শনিবার (০২ মে) দিনের বিভিন্ন সময়ে দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে নিহতদের পরিচয় বা হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
লেবানন-ইসরাইল সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলার মাত্রা বেড়েছে।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরাইল। পরে যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর জবাবে ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।
পরবর্তীতে ইরানপন্থি গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালালে ২ মার্চ থেকে লেবাননে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরাইল।
এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও প্রথমে ইসরাইল জানিয়েছিল, লেবানন সেই সমঝোতার অন্তর্ভুক্ত নয়। পরবর্তীতে ইরানি ও বিভিন্ন আন্তর্জাতিক মহলের চাপে লেবাননকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় নিয়ে আসা হবে।
তবে, যুদ্ধবিরতি চলমান থাকলেও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
এমএ//