আবহাওয়া

ঢাকায় আকস্মিক ঝড়ের শঙ্কা, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকার আকাশে আজও প্রকৃতির অস্থিরতার ইঙ্গিত। ভোরের নরম আবহাওয়ার মাঝেই হঠাৎ করেই আঘাত হানতে পারে আকস্মিক ঝড়, সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (০৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে ঘন মেঘে ঢেকে থাকতে পারে। একই সময়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে রোববার (৩ মে) রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

তাপমাত্রা প্রসঙ্গে জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন