আন্তর্জাতিক

প্রত্যাবর্তন না পরিবর্তন? কার দখলে পশ্চিমবঙ্গের মসনদ, সিদ্ধান্ত আজ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ভোটগণনা আজ সোমবার (০৪ মে)। দুই দফার ভোট শেষে ইভিএমে সংরক্ষিত জনরায় উন্মোচন শুরু হবে সকাল ৮টা থেকে। ‘প্রত্যাবর্তন না পরিবর্তন’—রাজ্যের ক্ষমতায় কে আসছে, তার প্রথম স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে দুপুরের মধ্যেই।

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে আজ। এ লক্ষ্যে ৭৭টি গণনাকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হচ্ছে। ফলতা আসনে পুনর্নির্বাচনের তারিখ ২১ মে নির্ধারণ করায় ওই আসনের ফল পরে জানা যাবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে ভোট গণনার আয়োজন করা হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, এরপর শুরু হবে ইভিএমের ভোট গণনা। সবচেয়ে বেশি ২৭ রাউন্ড গণনা হবে চুঁচুড়া কেন্দ্রে। অন্যদিকে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে সবচেয়ে কম, ১০ রাউন্ড করে ভোট গণনা অনুষ্ঠিত হবে।

সোমবারের গণনা তদারকিতে থাকছেন ২৯৩ জন গণনা পর্যবেক্ষক। পাশাপাশি ১৬৫ জন অতিরিক্ত পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষকও দায়িত্ব পালন করবেন। কোন দল পশ্চিমবঙ্গের মসনদে বসবে, তার পূর্ণ চিত্র ভোট গণনা শেষে পরিষ্কার হবে। তবে প্রাথমিক প্রবণতা দুপুর একটা নাগাদই স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও কিছু কেন্দ্রের চূড়ান্ত ফল গভীর রাতেও গড়াতে পারে।

এবার পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে দুই দফায়—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটারদের দেয়া সেই রায় এখন পর্যন্ত কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে সংরক্ষিত ছিল।

প্রতিটি গণনাকেন্দ্রে রাখা হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের বাইরে ১০০ মিটার পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। গণনাকক্ষের ভেতরের নিরাপত্তা সামলাবে কেন্দ্রীয় বাহিনী। একাধিক স্তরের তল্লাশির পরই প্রবেশের অনুমতি মিলবে। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দফার বেশিরভাগ এলাকা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, আর দ্বিতীয় দফায় ভোট হয়েছে মূলত দক্ষিণবঙ্গে, যা তৃণমূলের শক্তিশালী অঞ্চল। ফলে কার ঘাঁটিতে কে কতটা প্রভাব ফেলতে পেরেছে, তা আজকের ফলেই স্পষ্ট হবে।

ফলাফল নিয়ে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী শিবির—তৃণমূল কংগ্রেস ও বিজেপি—উভয়ই আত্মবিশ্বাসী। দ্বিতীয় দফার ভোটের পর প্রকাশিত অধিকাংশ বুথফেরত সমীক্ষায় বিজেপির পক্ষে পরিবর্তনের আভাস মিললেও তৃণমূলের দাবি, আগের নির্বাচনগুলোর মতো এবারও বুথফেরত জরিপ বাস্তব ফলের সঙ্গে মিলবে না।

এবারের ভোটগণনাকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে স্নায়ুযুদ্ধও তুঙ্গে। বিশেষ নজর রয়েছে ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি হয়েছেন তৃণমূল প্রার্থী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের পাশাপাশি আজই আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোটগণনাও অনুষ্ঠিত হবে। আসামে ১২৬, কেরালায় ১৪০, তামিলনাড়ুতে ২৩৪ এবং পুদুচেরিতে ৩০টি আসনের ফল জানা যাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন