পরকীয়া ধরা পড়তেই স্ত্রীকে হত্যা, দায় এড়াতে সাজালেন ডাকাতির নাটক
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সংসারে অশান্তি, তারপর স্ত্রীকে হত্যার অভিযোগ—আর সেই অপরাধ ঢাকতে সাজানো ডাকাতির নাটক। কিন্তু শেষরক্ষা হয়নি। উত্তরপ্রদেশের মেরঠে স্ত্রীর হত্যাকাণ্ডকে ডাকাতির ঘটনা হিসেবে দেখিয়ে পুলিশের চোখে ধুলো দেয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন অভিযুক্ত স্বামী।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাকিবের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জেনে গিয়েছিলেন তার স্ত্রী। এরপর থেকেই দাম্পত্য জীবনে শুরু হয় তীব্র অশান্তি। সেই বিরোধের জের ধরেই স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন তিনি বলে অভিযোগ।
তদন্ত সূত্রে জানা যায়, ঘটনার দিনও স্বামী-স্ত্রীর মধ্যে এ বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে কাগজ কাটার ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করেন সাকিব।
হত্যাকাণ্ডের পর নিজের অপরাধ আড়াল করতে পরিকল্পিতভাবে ডাকাতির গল্প সাজান তিনি। অভিযোগ অনুযায়ী, ঘটনার পরপরই চিৎকার শুরু করেন সাকিব। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে শোকাহত অবস্থায় দেখতে পান। সে সময় তিনি দাবি করেন, কালো পোশাক পরা এক অজ্ঞাত ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে।
প্রাথমিকভাবে পুলিশ তার বক্তব্য গুরুত্বের সঙ্গে নিলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাকিবের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। বারবার জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়ে তার সাজানো গল্প।
পরে তদন্তে বেরিয়ে আসে, এটি কোনো ডাকাতির ঘটনা নয়; বরং দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সংঘটিত হত্যাকাণ্ড।
পুলিশ অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এসি//