ফ্লোরিডায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসবে ৯ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি–এর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় বুধবার (০৬ মে) দুপুর ২টায় টাম্পা বে এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা, যিনি ফেসবুকে এক পোস্টে বিস্তারিত তথ্য জানান।
জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী-শিক্ষক, বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ অনেকে অংশ নেন। এছাড়া মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন।
গোলাম মোর্তোজা তার পোস্টে জানান, জানাজার পর নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে বৃহস্পতিবার (০৭ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি বাংলাদেশের উদ্দেশে পাঠানো হবে। দুবাইয়ে যাত্রাবিরতি ও ফ্লাইট পরিবর্তনের পর শনিবার (০৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ সময় মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছে।
এর আগে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন–এর মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছায়। গোলাম মোর্তোজা জানান, দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল পুলিশ জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। দুই দিন পর টাম্পার একটি জলাশয় থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের কিছু অংশ পাওয়া যায়।
এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবেহ–কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে আদালতে বিচার কার্যক্রম চলছে।
এসি//