হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নির্দেশনা জারি
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লির হজ যাত্রাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের ওষুধ বহনের ক্ষেত্রে এবার কঠোর নিয়ম চালু করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। এ বিষয়ে গালফ নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ ক্যাটাগরির ওষুধ হজযাত্রীদের সঙ্গে রাখতে হলে আগে থেকেই অনুমতি নিতে হবে। এর জন্য সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে (সিডিএস) ব্যক্তিগত ট্রাভেলার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাসপোর্টের কপি, সর্বশেষ ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ চিকিৎসকের প্রেসক্রিপশন বা মেডিকেল রিপোর্ট, এবং ওষুধের প্যাকেটসহ পরিষ্কার ছবি। এসব তথ্য অনলাইনে জমা দিয়ে আগেই ছাড়পত্র নিতে হবে।
এসএফডিএ আরও জানিয়েছে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময় অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে পারবেন, তবে কোনো অবস্থাতেই তা ত্রিশ দিনের বেশি হতে পারবে না। অর্থাৎ কেউ যদি স্বল্প সময়ের জন্য হজে যান, তাহলে শুধুমাত্র সেই নির্দিষ্ট সময়ের প্রয়োজনীয় ওষুধই বহন করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষের মতে, এই নতুন নিয়মের মূল লক্ষ্য হলো হজযাত্রীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা। পাশাপাশি পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রিত ওষুধ ব্যবহারের ওপর আরও কঠোর নজরদারি নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষা বজায় রাখা।
এসি//