আন্তর্জাতিক

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল)। সংস্থাটি বলেছে, মক্কা ও মদিনার আশপাশে এ ধরনের হামলা পবিত্র স্থানগুলোর ধর্মীয় মর্যাদার পরিপন্থী।

শনিবার (০৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেদ্দাভিত্তিক সংস্থাটির মহাসচিব মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ইসা এক বিবৃতিতে হুতিদের কর্মকাণ্ডকে সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন। 

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ ধর্মীয় পবিত্রতা অবমাননার পাশাপাশি ধর্ম ও মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

বিবৃতিতে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ। বিশেষ করে বেসামরিক নাগরিক ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি কর্তৃপক্ষের উদ্যোগকে সমর্থন জানিয়েছে সংস্থাটি।

সৌদি কর্তৃপক্ষের দাবি, দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর মক্কা ও মদিনার আশপাশে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। 

তবে সৌদির এসব অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন