অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় বিমানে থাকা সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে। টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭২৬ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে রাতে ছেড়ে এসে ভোরে কাঠমান্ডু পৌঁছায়। অবতরণের সময় হঠাৎ বিমানের চাকায় আগুন ধরে যায়।
বিমানটিতে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন বিমানকর্মী ছিলেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে বিমানটি নিরাপদে রানওয়েতে নামাতে সক্ষম হন।
পরে বিমানবন্দরে দায়িত্বরত দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর পর্যায়ক্রমে সব আরোহীকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, কী কারণে অবতরণের সময় বিমানের চাকায় আগুন লাগে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অতীতেও বিভিন্ন উড্ডয়ন ও অবতরণ জটিলতার কারণে আলোচনায় এসেছে। ২০১০ সালের পর থেকে নেপালে একাধিক বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। গত বছরও কাঠমান্ডু বিমানবন্দরে একটি দুর্ঘটনার ঘটনা ঘটে।
বিশেষজ্ঞদের মতে, ত্রিভুবন বিমানবন্দর ‘টেবল টপ’ ধরনের হওয়ায় এটি পরিচালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন। এ ধরনের বিমানবন্দর সাধারণত আশপাশের ভূমি থেকে উঁচু স্থানে অবস্থিত থাকে এবং রানওয়ের এক বা একাধিক পাশে খাড়া ঢাল থাকে, যা পাইলটদের জন্য অবতরণ ও উড্ডয়নকে আরও চ্যালেঞ্জিং করে তোলে।
এসি//