ভারত বাংলাদেশ-নেপাল নয়, সরকার বদলাবে গণতান্ত্রিক পথে: প্রকাশ রাজ
ভারতে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। তবে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতির মধ্য দিয়ে নয়, বরং নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই এই পরিবর্তন আনার পক্ষে তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ রাজ বলেন, তারা সরকারের পতন চান এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই সেই পরিবর্তন ঘটাতে চান। এ সময় ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ভারত বাংলাদেশ বা নেপাল নয়। দেশটির রয়েছে সংবিধান, ভোটাধিকার এবং বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী ও ভগৎ সিংয়ের মতো ব্যক্তিত্বের আদর্শ।
দিল্লিতে প্রস্তাবিত ‘তিরঙ্গা মার্চ’-এর আগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করার পর প্রকাশ রাজ এসব মন্তব্য করেন।
ভারতে চলমান আন্দোলন বিদেশি অর্থায়নে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা—কর্তৃপক্ষের এমন অভিযোগের জবাবও দাবি করেন এই অভিনেতা।
তিনি বলেন, আন্দোলনে বিদেশি অর্থায়ন হলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব দেখাতে হবে। শুধু অভিযোগ তুললেই হবে না, এর পক্ষে প্রমাণ দিতে হবে।
মিছিলের আগে ছাত্রনেতাদের আটকের সমালোচনা করে প্রকাশ রাজ বলেন, এ ঘটনায় কর্তৃপক্ষের ভয়ের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে তিনি বলেন, ‘হার ঘর তিরঙ্গা’ কর্মসূচির কী হলো? যে উদ্যোগ প্রধানমন্ত্রী নিজেই শুরু করেছিলেন, সেই তিরঙ্গা কর্মসূচির সঙ্গে যুক্ত একটি শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে গিয়ে এখন ছাত্রদের গ্রেপ্তার হতে হচ্ছে।
প্রকাশ রাজের দাবি, বিক্ষোভকারীরা নিরাপদ এবং তাদের হাতে কোনো অস্ত্র নেই। তারা আম্বেদকর ও গান্ধীর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন।
এদিকে, দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে কোথায় রাখা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে দাবি করেছে দলটি।
শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলকে কেন্দ্র করে পুলিশের অভিযানে অভিজিৎ দীপক ও নেহা বোরা আটক হন। শনিবার (১৭ অক্টোবর) ভোরে নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও অভিজিৎকে প্রতিরোধমূলক আটকে রাখা হয়েছে।
দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে। তবে তার অবস্থান এখনো অজানা। এমনকি আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ করেছেন রত্না সিং।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসি//