খুলনায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ ২ জন নিহত
খুলনায় পৃথক দুটি ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও খালিশপুর থানার আলমনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী উপপরিদর্শক এসএম রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়িগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিয়াম নিহত হন। পরে সকাল ৯টার দিকে আলমনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারান জয়নাল আবেদীন।
দুর্ঘটনার পর দুজনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএ//