ঘরে ঢুকে স্বামীকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরে ঢুকে সোবহান প্রামানিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী শেফালী খাতুন গুরুতর আহত। স্থানীয় লোকজন ঘটনায় জড়িত সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
রোববার (১০ মে) দিবাগতে রাতে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন-এর দত্তপাড়া এলংজানি গ্রামে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবহান প্রামানিকের বাড়িতে সিঁধ কেটে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। পরে তারা সোবহান প্রামানিককে এলোপাতাড়িভাবে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় পাশে থাকা তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
আই/এ