জ্বালানি সংকটে মোদীর নতুন কৌশল
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব যখন বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি করছে, তখন অর্থনৈতিক চাপ সামাল দিতে দেশবাসীর প্রতি ব্যতিক্রমী আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানি সাশ্রয় থেকে বৈদেশিক মুদ্রা রক্ষা—সবকিছুর জন্য তিনি জনগণকে আরও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন।
রোববার (১০ মে) হায়দরাবাদে বিজেপির এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মোদী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতকে অর্থনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে। এ সময় তিনি দেশবাসীকে আগামী এক বছর স্বর্ণ বা স্বর্ণালঙ্কার না কেনার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, একসময় দেশের সংকটে মানুষ স্বর্ণ দান করত। এখন সেই পরিস্থিতি না থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে নাগরিকদের একটি অঙ্গীকার করা উচিত—আগামী এক বছর নতুন করে কোনো স্বর্ণ বা গহনা কেনা থেকে বিরত থাকা।
বিশ্ববাজারে পেট্রোল ও ডিজেলের উচ্চমূল্যের প্রসঙ্গ তুলে ধরে মোদী জ্বালানি ব্যবহারে সংযমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, যতটা সম্ভব বাড়ি থেকে কাজের সংস্কৃতিতে ফিরে যেতে হবে, ভার্চ্যুয়াল বৈঠক বাড়াতে হবে এবং অপ্রয়োজনীয় যাতায়াত কমাতে হবে।
করোনাকালে গড়ে ওঠা ‘ওয়ার্ক ফ্রম হোম’ অভ্যাসকে আবারও কাজে লাগানোর পরামর্শ দিয়ে তিনি ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের ওপর জোর দেন।
মোদীর ভাষায়, জ্বালানি সাশ্রয় মানেই শুধু খরচ কমানো নয়, বরং দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা। সংকটময় এ সময়ে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পকে শক্তিশালী করতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনার আহ্বানও জানান তিনি।
সূত্র: দ্য টেলিগ্রাফ
এসি//