যখন তখন ওষুধের দাম বাড়ানো যাবে না : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন,ওষুধ কোম্পানিগুলো অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের মুনাফার প্রয়োজন আছে। অন্য সব কিছুর দাম বাড়লেও ওষুধের দাম বছরের পর বছর আটকে রাখা যেমন সঠিক নয়, তেমনি আমরা এমন কোনও নীতিমালাও চাই না, যার ফলে যখন খুশি ওষুধের দাম বাড়িয়ে ফেলা হয়।
সোমবার (১১ মে) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বেসরকারি খাতের সঙ্গে অংশীজন পরামর্শ সভা: স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো—এমন একটি ভারসাম্য বজায় রাখা, যাতে জনগণ এবং সরকার কোনোভাবেই বিপদে না পড়ে। দুই আড়াইমাস হলো সরকার দায়িত্ব নিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। কিন্তু দায়িত্ব নেওয়ার পর দেখা যাচ্ছে স্বাস্থ্য খাতের সব জায়গায় একটি ভগ্নদশা বিরাজ করছে।
তিনি বলেন, বিগত ৫-৭ বছর ধরে অনেক হাসপাতালের ন্যূনতম মেইনটেন্যান্স হয়নি। কোথাও বিল্ডিং আছে তো যন্ত্রপাতি নেই, কোথাও আবার ওষুধের সংকট। এই বিশাল চ্যালেঞ্জের মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, যা আমাদের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, এটি একটি গণতান্ত্রিক সরকার। জনগণের কাছে দায়বদ্ধতা আছে। আমরা মানুষকে ন্যূনতম স্বাস্থ্যসেবা ও জীবনরক্ষাকারী ওষুধ নিশ্চিত করতে চায় এ সরকার। আপনাদের সম্মিলিতভাবে যদি সমস্যার সমাধান না হয়, তবে ওষুধ ইন্ডাস্ট্রি ও দেশ ক্ষতিগ্রস্ত হবে।
আই/এ