ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিশেষ বার্তা
ক্রমশ ভয়াবহ হয়ে ওঠা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালীদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাব তুলে ধরে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সঠিক ও সময়োপযোগী তথ্য দ্রুত ছড়িয়ে দিতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
এ কাজে বিশেষ করে তরুণ সমাজ, কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের এগিয়ে আসার আহ্বান জানান ড. মুহিত। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কনটেন্ট, ছোট ভিডিও, গল্প ও বিভিন্ন তথ্যভিত্তিক পোস্ট তৈরি এবং শেয়ারের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে বেশ কয়েকজন কনটেন্ট নির্মাতা যুক্ত হয়েছেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য সৃজনশীল ভিডিও, তথ্যচিত্র ও বিভিন্ন পোস্টের মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সচেতনতামূলক কনটেন্ট তৈরির মাধ্যমে এই জাতীয় উদ্যোগে সবাই অবদান রাখতে পারেন।
আগামী তিন মাসের এই ডিজিটাল কার্যক্রমে সামাজিক যোগাযোগমাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর উপসর্গ এবং প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হবে। একই সঙ্গে বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অনলাইন পরিসরেও ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
এসি//