আমার রাজ্যে মুসলিমদের ওপর অত্যাচার করলে ছাড় দেয়া হবে না: বিজয়
যদি তার রাজ্যে কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে, তবে তার ফল বিশ্বের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে—এমন কঠোর বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ বিজয়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক আঙিনায় এখন নতুন এক অধ্যায়ের শুরু। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কঠোর ও আলোচিত সিদ্ধান্ত নিচ্ছেন। তার সাম্প্রতিক অবস্থান ও প্রশাসনিক পদক্ষেপে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
মঙ্গলবার (১২ মে) সকালে দেয়া এক বার্তায় তিনি নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সরকারের অবস্থান আরও পরিষ্কার করেন। তার মতে, নাগরিকের অধিকার সবার জন্য সমান এবং এটি রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।
ক্ষমতায় আসার পরই তিনি রাজ্যজুড়ে বড় ধরনের সিদ্ধান্ত নেন। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন পরিচালিত ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব দোকান ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের আশেপাশে অবস্থিত ছিল বলে জানানো হয়।
সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। এর ফলে শত শত দোকান বন্ধ হয়ে যাচ্ছে।
গত রবিবার ৫১ বছর বয়সে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। তার দল তামিলনাড়ু ভেট্টি কাজাগাম এবারের নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকে-কে পরাজিত করে ক্ষমতায় আসে। কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লিগসহ বিভিন্ন শক্তির সমর্থনে গঠিত এই জোট সরকারকে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ হিসেবে দেখা হচ্ছে।
ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি জনকল্যাণমুখী সিদ্ধান্তে গুরুত্ব দিচ্ছেন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদারে জেলা পর্যায়ে বিশেষ ইউনিট গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তবে একাধিক বিশ্লেষকের মতে, এত বড় সংখ্যক মদের দোকান বন্ধের ফলে রাজস্ব আয়ে প্রভাব পড়তে পারে, যা জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এর মধ্যেই আগের সরকারের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।
সূত্র: এবিপি
এসি//