মারা গেছে চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে চোখে বিদ্ধ হওয়া ১১ বছর বয়সী শিশু রেশমি আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেশমি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। সবজি বিক্রেতা রিয়াজ আহমেদের পাঁচ সন্তানের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট।
স্থানীয় বাসিন্দা ও পরিবার গণমাধ্যমকে জানায়, ঘটনার দিন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা হাসান রাজু (২৪) নামের এক যুবককে লক্ষ্য করে ৫ থেকে ৬ জন মুখোশধারী সন্ত্রাসী গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রাজু নিহত হন। এ সময় মায়ের কথায় দোকান থেকে পান আনতে বের হওয়া রেশমি হঠাৎ গোলাগুলির মধ্যে পড়ে যায়। একপর্যায়ে একটি গুলি তার চোখে লাগে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চমেক হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে আইসিইউতে শয্যা খালি না থাকায় পরিবার দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়। পরে চমেকে আইসিইউ বেড খালি হলে আবারও সেখানে স্থানান্তর করা হয়। অবশেষে বৃহস্পতিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসি//