ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০জন, বরিশাল বিভাগে ২১৩ জন এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।
ডেঙ্গুতে নতুন করে আটজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে সারাদেশে মোট মৃতের সংখ্যা ৪৯১ জনে পৌঁছেছে।
এছাড়া চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৫ হাজার ৯১৫ জন হাসপাতালে ভর্তি আছেন।
এমএ//