দুই দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বাংলাদেশে সিদ্ধান্ত কাল
পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই বৈঠকের পরই বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে।
রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ জন্য কয়েকটি নির্দিষ্ট ফোন নম্বরও দেওয়া হয়েছে। সেগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭
এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
এদিকে তিউনিসিয়া ও তুরস্কে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশ দুটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে সেখানে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
তিউনিসিয়া শনিবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেয়। অন্যদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করে ঈদের তারিখ নির্ধারণ করেছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে রোববার সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণত প্রতিবছর সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে বাংলাদেশ ঈদ উদযাপিত হয়। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই পবিত্র ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা কর হয়।
এমএ//