সমঝোতায় আগ্রহী ইরান, না হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই তেহরান সমঝোতায় আগ্রহ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় অগ্রগতি না হলে ইরানকে “খুব খারাপ সময়ের” মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
শনিবার (১৬ মে) ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “খুব দ্রুত কোনো সমঝোতা হবে কিনা, তা আমি নিশ্চিত নই। তবে তারা যদি চুক্তিতে না আসে, তাহলে তাদের জন্য পরিস্থিতি খুব খারাপ হবে। আমার মনে হয়, তারা সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।”
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করা হবে কিনা, সে বিষয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। কারণ, যুদ্ধবিরতি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনো স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।
গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চালায়। পাশাপাশি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় তেহরান।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় গেল ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা দীর্ঘমেয়াদি সমাধান আনতে পারেনি। এরপর ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিলেও ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ এখনো বহাল রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএ//