ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখছে মালদ্বীপ
ইসরাইলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই ইসরাইলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
মুইজ্জু বলেন, প্রস্তাবিত অভিবাসন আইনে ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশে নিঃশর্ত নিষেধাজ্ঞার বিধান রাখা হচ্ছে। পরিস্থিতি পরিবর্তন হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তিনি জানান, আগে প্রস্তাব করা হয়েছিল, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির নাগরিকদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে নতুন আইনে কোনো শর্ত ছাড়াই নিষেধাজ্ঞা বহাল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মুইজ্জু ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করে বলেন, ইসরাইলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া গ্রহণযোগ্য নয়।
এ সময় ফিলিস্তিনিদের প্রতি তার দেশের সমর্থনের অবস্থানও পুনর্ব্যক্ত করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও আইনি প্রক্রিয়ায় তার সরকার ধারাবাহিকভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান তুলে ধরেছে। প্রস্তাবিত অভিবাসন আইনও সরকারের সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে মালদ্বীপের পার্লামেন্টে পাস হওয়া অভিবাসন আইনের সংশোধনীতে অনুমোদন দেন মুইজ্জু। এরপর ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়। সে সময় গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
মালদ্বীপ দীর্ঘদিন ধরেই ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। জাতিসংঘের প্রস্তাবনার সঙ্গেও দেশটির এই অবস্থান সামঞ্জস্যপূর্ণ।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএ//