ইসরাইলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ
মধ্যপ্রাচ্যে একের পর এক সংঘাত, গাজায় সামরিক অভিযান ও ইরানে হামলা—সব মিলিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে ইসরাইল। এবার দেশটিকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছেন যুক্তরাজ্যের অধিকাংশ নাগরিক। এক জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন, ইসরাইল বিশ্বশান্তির জন্য বড় ধরনের বিপদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) প্রকাশিত জরিপ অনুযায়ী, ২০০৫ সালে ইসরাইলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক। তবে গাজায় গণহত্যা শুরুর আড়াই বছর পর এবং ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর চলতি বছরের বসন্তে এই হার বেড়ে দাঁড়ায় ৭৮ শতাংশে।
এদিকে কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের অনুরোধে গত জুলাইয়ে ইউগভ পরিচালিত আরেকটি জনমত জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, গাজায় ইসরাইল কোনো গণহত্যা চালাচ্ছে না।
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়ছে যুক্তরাজ্যের অর্থনীতিতেও। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম এবং গৃহঋণের ব্যয় বেড়ে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক অভিযান ব্রিটিশ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে।
এরই মধ্যে গত সপ্তাহে সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে ব্যাংক অব ইংল্যান্ড। গত তিন বছরের মধ্যে এটিই প্রথম সুদের হার বৃদ্ধি। এর ফলে গৃহঋণগ্রহীতাদের মাসিক কিস্তি বেড়েছে। পাশাপাশি নতুন ঋণ নেওয়া এবং পুরোনো ঋণ নবায়নের খরচও বেড়েছে।
এসি//