আন্তর্জাতিক

সামরিকভাবে ইরান যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান কার্যত শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বৈঠক শেষে আকস্মিক সংবাদ ব্রিফিংয়ে ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত পরাজিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর অনুরোধে আপাতত পরিস্থিতি একই অবস্থায় রাখা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন এখন খুব একটা নেই। তবে পরিস্থিতি বদলে গেলে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোও বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তিনি মার্কিন নৌ অবরোধকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অবরোধ বলেও বর্ণনা করেন।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাতারের প্রধানমন্ত্রী জানান, আলোচনায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা হয়েছে। সমঝোতায় পৌঁছানো ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র সরকারকে এরই মধ্যে বিপর্যস্ত করেছে। আলোচনার নামে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করে ওয়াশিংটনকে পিছু হটার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি চলমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান চান। ইরানি সংবাদমাধ্যমের বরাতে পেজেশকিয়ান বলেন, তেহরান আলোচনায় বসতে আগ্রহী। তবে চাপ সৃষ্টি বা শক্তি প্রয়োগ করে ইরানকে কোনো সমঝোতায় বাধ্য করা সম্ভব নয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন