দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফরিদপুরে বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম কালাচান (৫৫)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার বাসিন্দা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডের পাশে পার্ক করে রাখা ‘কিশোর তন্ময়’ নামের একটি লোকাল মিনিবাসে হঠাৎ আগুন ধরে যায়। সে সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুনের বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বেরিয়ে এসে তা নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কালাচান। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মাহমুদুল হাসান জানান, আগুন লাগার সময় চালক বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। পরে বের হয়ে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন