পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবুল মিয়া (৫০) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুস্তাকিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) সকাল ৯টার দিকে বরদল গ্রামের ধানক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া খারনৈ ইউনিয়নের পূর্ব বরদল গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং ধান মাড়াই মেশিনে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ধান কাটার শ্রম বাবদ একই গ্রামের হাবিবুর রহমানের কাছে বাবুল মিয়ার পরিবারের ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল।
রোববার সকালে বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম পাশের জমিতে শ্রমিক হিসেবে কাজ করার সময় হাবিবুর রহমানের সঙ্গে দেখা হলে তিনি পাওনা টাকা চান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে হাবিবুর রহমান, সাদ্দাম, মুস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন বলে অভিযোগ ওঠে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবুল মিয়াকেও মারধর করা হয়। হামলাকারীরা তাকে ফেলে দিয়ে বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারেন বলে জানান স্থানীয়রা।
পরে গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//