দেশজুড়ে

২০ মেট্রিকটন চাল পাচার, গুদাম পরিদর্শনে গড়মিল পেয়েছেন তদন্ত কমিটি

নেত্রকোনার মদন খাদ্য গুদাম থেকে চাল পাচারের ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে খাদ্য অধিদপ্তর। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) কমিটির সদস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ অডিট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সেলিমুল আজম মদন খাদ্য গুদাম পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অধিদপ্তর এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে মদন খাদ্য গুদামের ২০ মেট্রকটন চাল পাচার ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে হবে। মদন উপজেলা খাদ্য গুদামের তদন্ত এসে গরমিল পেয়েছি। এখনো তদন্ত কাজ শেষ হয়নি।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ২০ মেট্রিকটন চাল পাচারের ঘটনায় প্রকৃত জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে শাস্তি নিশ্চিত করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ২০ মেট্রিকটন  (৬৬৭বস্তা) সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহর যুক্ত চালগুলো জেলার বারহাট্টার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাচ্ছিল চালক। প্রথমে মদন পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন লোক বাঁধা দেন। পরে তাদের ম্যানেজ করে ট্রাকটি ছেড়ে যায়। কিন্তু উপজেলা শহর থেকে এক দেড় কিলোমিটার দূরে সাম্য ফিলিং স্টেশনের সামনে পৌছানো মাত্রই সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাল সহ ট্রাক আটক করে।

পরে বিশেষ ক্ষমতা আইনে ট্রাক চালক শামীম মিয়া (২৮), শাহিন মিয়া (২৫), এনামুল হক আনার এর নাম উল্লেখ সহ আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

 এ ঘটনায় ট্রাক চালক শামীম মিয়া, শাহিন মিয়া জেল হাজতে রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন