লাইফস্টাইল

গরমে ত্বক হারাচ্ছে জেল্লা, ছোট্ট যত্নেই ফিরবে উজ্জ্বলতা ও সতেজতা

গ্রীষ্ম এলেই শুধু তাপমাত্রা বাড়ে না, বদলে যায় ত্বকের স্বাভাবিক ছন্দও। প্রখর রোদ, অতিরিক্ত ঘাম, ধুলাবালি আর দূষণের চাপে মুখের স্বাভাবিক উজ্জ্বলতা যেন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কখনও ত্বক হয়ে পড়ে নিস্তেজ ও রুক্ষ, আবার কারও মুখে দেখা দেয় অতিরিক্ত তৈলাক্তভাব। রোদের তাপে ত্বক কালচে হওয়া, ঘামে জীবাণুর সংক্রমণ বাড়া কিংবা মাথার ত্বক চটচটে হয়ে যাওয়া— গরমের দিনে এসবই খুব পরিচিত সমস্যা। তবে দৈনন্দিন রূপচর্চায় কিছু স্মার্ট পরিবর্তন আনলেই এই মৌসুমেও ত্বক রাখা সম্ভব সতেজ, পরিষ্কার ও প্রাণবন্ত।

ত্বকের মৃত কোষ দূর করতে দীর্ঘদিন ধরেই স্ক্রাব ব্যবহারের প্রচলন রয়েছে। সাধারণত সপ্তাহে অন্তত দুই দিন স্ক্রাব করলে জমে থাকা ময়লা ও মৃত কোষ দূর হয়। তবে আধুনিক ত্বকচর্চায় এখন শুধু স্ক্রাবের ওপর নির্ভরতা কমেছে। এর বদলে জনপ্রিয় হয়েছে এএইচএ (গ্লাইকোলিক বা ল্যাকটিক অ্যাসিড) এবং বিএইচএ (স্যালিসাইলিক অ্যাসিড) সমৃদ্ধ সিরাম। স্বল্পমাত্রার এই অ্যাসিডযুক্ত সিরাম ত্বকের গভীরে কাজ করে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এক দিন গ্লাইকোলিক অ্যাসিড, পরের দিন স্যালিসাইলিক অ্যাসিড বা ভিটামিন সি— এই পদ্ধতিকেই বলা হয় ‘স্কিন সাইক্লিং’, যা বর্তমানে বেশ কার্যকর রূপচর্চা কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।

রোদ, ধোঁয়া, ধুলা ও দূষণের কারণে শরীরে ‘ফ্রি র‌্যাডিক্যাল’ তৈরি হয়, যা ত্বকের কোষের ক্ষতি করে এবং দ্রুত জেল্লা কমিয়ে দেয়। তাই ত্বককে ভেতর ও বাইরে— দুই দিক থেকেই অ্যান্টি-অক্সিড্যান্টের সুরক্ষা দেয়া জরুরি। আমলকি, টাটকা ফল ও সবজি যেমন শরীরকে পুষ্টি দেয়, তেমনি ভিটামিন সি সমৃদ্ধ সিরাম ত্বকের বলিরেখা কমিয়ে ত্বককে টানটান ও উজ্জ্বল রাখতে সহায়তা করতে পারে।

ত্বকের আর্দ্রতা ধরে রাখাও গরমের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ঘাম ও রোদে ত্বক পানিশূন্য হয়ে পড়লে তা নিষ্প্রাণ দেখাতে শুরু করে। হায়ালুরোনিক অ্যাসিড, সেরামাইড ও নায়াসিনামাইড সমৃদ্ধ সিরাম বা ময়েশ্চারাইজার ত্বকের জন্য এক ধরনের সুরক্ষা-কবচ হিসেবে কাজ করে। এগুলো শুধু আর্দ্রতা যোগায় না, বরং ত্বকের ভেতরে সেই আর্দ্রতা ধরে রাখতেও সহায়তা করে।

ত্বক ভালো রাখতে পর্যাপ্ত ঘুমের গুরুত্বও কম নয়। ঘুমের সময় শরীর ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখে, যা সুস্থ ও প্রাণবন্ত ত্বকের জন্য অপরিহার্য। তাই রাত জাগা কমিয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ত্বকের যত্নের গুরুত্বপূর্ণ অংশ।

আর গরমের দিনে ত্বকের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হলো সানস্ক্রিন। এটি মাঝে মাঝে নয়, প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত। যেমন নিয়মিত দাঁত মাজা জরুরি, তেমনি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার অপরিহার্য। কারণ রোদজনিত ক্ষতি প্রতিরোধ করা না গেলে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা কঠিন।

অল্প কিছু সচেতনতা, সঠিক উপাদান নির্বাচন এবং নিয়মিত যত্ন— এই তিনেই গরমেও ত্বক থাকতে পারে সতেজ, সুরক্ষিত ও দীপ্তিময়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন