১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ৪২ জন
'সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে মাত্র ১২০টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে নেত্রকোনায় চাকরি পেয়েছেন ৪২জন। জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি ২০২৬ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতায় ৪০জন তরুন ও ২জন তরুনীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে গত ১৮ এপ্রিল সকাল থেকে নিয়োগ কমিটি চাকরি প্রার্থীদের প্রথম ধাপ ফিজিক্যাল এনডোরেন্স টেষ্ট (পিইটি), কাগজ পত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা সহ আনুসাঙ্গিক কার্যক্রম শেষ হয়। পরে ৪ মে লিখিত পরীক্ষায় ৪ শতাধিক চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশ নেয়। এরমধ্যে ১১৭জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ মে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা দেন।
ওইদিন রাতেই নিয়োগ কমিটির সভাপতি নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম কমিটির সদস্যদের উপস্থিতিতে চূড়ান্ত মনোনীত ৪২জন ছেলে-মেয়ের নাম ঘোষণা করেন। পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘এই প্রথম নিজে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি। সেটি শতভাগ স্বচ্ছতার সাথে প্রভাব মুক্ত থেকে করতে পেরেছি। ভাগ্য নির্ধারণ শুধু ৪২ ছেলে মেয়ের হয়নি, হয়েছে ৪২টি পরিবারের’।
পুলিশে যোগদানের পর সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে পুলিশে কাজ করার আহব্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এ পর্যন্ত পৌঁছেছো। যারা উত্তীর্ণ হতে পারোনি, তোমরা হতাশ না হয়ে ভবিষ্যতে আবার চেষ্টা করবে। তোমাদের মধ্য থেকেই কেউ সার্জেন্ট হবে, কেউ সাব-ইন্সপেক্টর হবে এবং তোমরা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে’।
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আই/এ