জবিতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তা আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। একই সময়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কর্মকর্তারা হলেন– পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দফতরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
অভিযান চলাকালে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। তাদের দাবি, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেই এ অভিযান চালানো হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তারা।
ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয় রয়েছেন, এমন কর্মকর্তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। অভিযানে চিহ্নিত কয়েকজনকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযান ও কর্মকর্তা-কর্মচারীদের আটকের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা এসব কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আটক ব্যক্তিদের প্রশাসনের হাতে তুলে দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, যেসব অভিযোগ এসেছে, সেগুলো যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/এ