শিশু আবিরার চিঠিতে সেতু নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রীর, পরিদর্শনে সেতুমন্ত্রী
পটুয়াখালীর লোহালিয়া নদীতে দুমকি ও বাউফল উপজেলাকে সংযুক্ত করতে বগা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সম্প্রতি দুর্ভোগে থাকা এ অঞ্চলের মানুষের কষ্টের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লেখেন বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী আবিরা (৮)। সেই চিঠির প্রেক্ষিতেই এবার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে বগা ফেরিঘাট এলাকায় পরিদর্শনে এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, আমাদের স্থল পথ এবং নৌপথ প্রত্যেকেরই প্রয়োজন। নৌ পথ অব্যাহত থাকবে, সেতু দিয়ে আমরা স্থলপথে কানেকশন করব একটি কমিউনিকেট সিস্টেম প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্রের মূল। আর সেই লক্ষ্য নিয়ে নির্বাচিত সরকার কাজ করছে। আমরা আশা করছি দ্রুত এই সেতু বাস্তবায়ন হবে।
খুদে আবিরাকেও ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আবিরার এই ইনোসেন্ট চিঠি প্রধানমন্ত্রীকে মুগ্ধ করেছে। ছোট্ট আবিরা রা ' সেতু নিয়ে ভাবছে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে’।
এর আগে মন্ত্রী লোহালিয়া নদীর পশ্চিম পাড়ের (দুমকি অংশ) ফেরিঘাট থেকে ফেরিতে করে পূর্ব পাড়ে (বাউফল অংশ) পৌঁছালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। সভাস্থলে মন্ত্রীর যাওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। প্রায় পৌনে এক ঘণ্টা মন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
জানা গেছে বাউফল অংশ অনুষ্ঠিত সভার মঞ্চের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ছবি না থাকায় ক্ষোভ জানায় বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা জামায়াতের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। তীব্র রোদের মধ্যে এমন পরিস্থিতিতে বিরক্ত হয়ে সেতুমন্ত্রী পুলিশের সহযোগিতায় ফেরিতে উঠে আবার পশ্চিম পাড়ে ফিরে যান। পরে সেখানে নির্মিত আরেকটি মঞ্চে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বাউফলের বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কূট্টিসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আই/এ