দেশজুড়ে

ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা, ৪৮ ঘণ্টা পর মামলা

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে ছেলেকে হামলা থেকে রক্ষা করতে গিয়ে নিহত হন ছৈয়দা খাতুন (৫৫)। এ ঘটনায় ৪৮ ঘণ্টা পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭৮ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত ছৈয়দা খাতুন টাইপালং গ্রামের বাসিন্দা ও সব্বির আহমেদের স্ত্রী।

সোমবার (১৮ মে) রাতে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মে রাতে পূর্ববিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুর  রহমানের ওপর হামলা চালায় একদল ব্যক্তি। এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে হামলাকারীদের মারধরে ঘটনাস্থলেই নিহত হন তাঁর মা ছৈয়দা খাতুন।

মামলার প্রধান আসামি করা হয়েছে রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্যপ্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদারকে। এ ছাড়া তাঁর ছেলে ছাত্রদল নেতা হাসেম সিকদার জিসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সরকারি স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স চালক শামসুল আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, তাঁর ছেলে ছাত্রদল নেতা জুলফিকার আকাশ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ বাবুল, রাজাপালং ইউনিয়ন শ্রমিকদল (দক্ষিণ) সভাপতি সাইফুল ইসলাম সিকদার, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন ও যুবদল নেতা রফিক উদ্দিন।

 ওসি মুজিবুর রহমান বলেন, নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন