আন্তর্জাতিক

নাইজেরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ১৭৫ আইএস যোদ্ধা নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সহায়তায় যৌথ সামরিক অভিযানে অন্তত ১৭৫ জন আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গেল কয়েক দিনে চালানো বিমান ও স্থল অভিযানে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গেল মঙ্গলবার নাইজেরিয়ার প্রতিরক্ষা সদরদপ্তরের মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের সহযোগিতায় পরিচালিত অভিযানে আইএস এবং পশ্চিম আফ্রিকাভিত্তিক তাদের সহযোগী গোষ্ঠী আইএসডব্লিউএপি-এর বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযানে সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত চেকপোস্ট, অস্ত্রভাণ্ডার, সরবরাহ কেন্দ্র, সামরিক সরঞ্জাম ও অর্থায়ন নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এসময় ১৯ মে পর্যন্ত ১৭৫ জন আইএস সদস্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

নাইজেরিয়ার সেনাবাহিনীর দাবি, এই অভিযান দেশটির দীর্ঘদিনের সন্ত্রাসবিরোধী কার্যক্রমে নতুন গতি এনেছে এবং জঙ্গিগোষ্ঠীর সক্ষমতায় বড় ধাক্কা দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানায়, নাইজেরিয়া সরকারের সমন্বয়ে নতুন হামলা চালানো হয়েছে। একই সময়ে এক যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা হিসেবে পরিচিত আবু বিলাল আল-মিনুকি নিহত হওয়ার খবরও সামনে আসে। নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র তাকে সংগঠনটির বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চাপের মুখে পড়ার পর আফ্রিকার বিভিন্ন অঞ্চলকে নতুন ঘাঁটি হিসেবে ব্যবহার বাড়িয়েছে আইএস। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে সংগঠনটির বড় অংশের কার্যক্রম আফ্রিকাকেন্দ্রিক ছিল।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রশিক্ষণ ও পরামর্শ সহায়তার কথা বলে নাইজেরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক যৌথ অভিযান দেশটিতে ওয়াশিংটনের সামরিক সম্পৃক্ততা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন