সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি!
ভারতের তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষ-কে ঘিরে এক বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাকে হত্যার জন্য ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে—এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর বরাতে জানা যায়, উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরাবাদ পৌরসভার বিজেপি চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতেই তাকে এমন ঘোষণা দিতে শোনা গেছে বলে দাবি করা হচ্ছে।
জানা যায়, একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত।
ওই পোস্টে ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য ছিল বলে কিছু সংগঠনের অভিযোগ, এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সায়নী ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বিস্ময় প্রকাশ করেন।
তিনি ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, এটাই কি নারী নিরাপত্তা ও সম্মানের বাস্তব চিত্র?
সায়নী আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় নারী নিরাপত্তার কথা বলা হলেও বাস্তবে একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে প্রকাশ্যে হুমকির মুখে পড়তে হচ্ছে।
পরে তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত দাবি করেছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করা হয়েছে।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও পাল্টাপাল্টি বিতর্ক অব্যাহত রয়েছে।
এসি//